বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। সোমবার ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অস্থায়ী আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন। খবর: বাসসের।
এর আগে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীর সময়ের আবেদন করেন। এই মামলায় আজ আদালতে হাজির হননি।
গত ৯ নভেম্বর খালেদা জিয়ার উপস্থিতিতে আজ মামলার তারিখ ধার্য করা হয়েছিল।
গত ১৯ মার্চ দুই মামলায় খালেদা জিয়া ও তার বড় ছেলে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দুদক মামলা দায়ের করে। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট দুদক অভিযোগপত্র দাখিল করে।
