লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে স্পিকারের অনুমতি লাগবে না বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিনে চৌধুরী। সোমবার সংসদ অধিবেশন শুরুর আগ মুহূর্তে তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্পিকার বলেন, “কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোনো সংসদ সদস্যকে গ্রেফতার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। এছাড়া কোনো অনুমতির প্রয়োজন হয় না।”
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “তিনি যেটা বলেছেন সেটা ভুল। এটা স্পিকারের কোনো বিষয় না। তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার ১৪ দিন আগে ও সংসদ অধিবেশন শেষ হওয়ার ১৪ দিন পর্যন্ত কোনো সিটিং এমপিকে গ্রেফতার করা যাবে না বলা আছে।”
তবে কোনো সংসদকে গ্রেফতার করতে হলে স্পিকারকে অবহিত করার বিধান রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রিত্ব হারানো লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হলেও এখনও দশম সংসদের সদস্য রয়েছেন।
উল্লেথ্য, গত সেপ্টেম্বরে নিউইয়র্কে এক সভায় হজ নিয়ে বক্তব্যের জেরে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারান লতিফ সিদ্দিকী। ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে কয়েক ডজন মামলাও হয়, এর মধ্যে কয়েকটিতে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানাও।
এর মধ্যেই রবিবার রাতে দেশে ফেরেন তিনি। তিনি কোথায় উঠেছেন, তা জানা যায়নি। আগাম জামিন নিতে সোমবার তিনি হাই কোর্টে যাবেন বলে গুঞ্জন ছড়ালেও তাকে আদালত প্রাঙ্গণে দেখা যায়নি।
