এইচআরডব্লিওর প্রতিবেদন

তাজরীন অগ্নিকাণ্ড : ক্ষতিপূরণ এড়িয়েছে বেশিরভাগ বায়ার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ২১:১৭
 
পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টস থেকে ১৬টি বিদেশী ক্রেতা প্রতিষ্ঠান পোশাক ক্রয় করতো। এর মধ্যে ক্ষতিপূরণে অর্থ সহায়তা দিয়েছে মাত্র দুটি প্রতিষ্ঠান। ওই ঘটনায় নিহতের স্বজন ও আহত শ্রমিকরা অনেক দুর্দশায় জীবন কাটালেও দীর্ঘ দুই বছরেও বাদবাকি ১৪টি ক্রেতা প্রতিষ্ঠান কোন অর্থসহায়তা বা ক্ষতিপূরণ দেয় নি। তাজরীন ট্র্যাজেডির দুই বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এইচ আর ডব্লিও গত বছরের নভেম্বরে ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণের জন্য লিখিতভাবে আহ্বান জানায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডিকিস, সিয়ারস, ডিজনি ও ওয়ালমার্ট এবং ফ্রান্সের টেডি স্মিথ সময়সীমা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, তাজরীনে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে অনেকেই জানিয়েছেন তারা এক লাখ টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু তা তাদের চিকিত্সা ও অন্যান্য ব্যয়েই খরচ হয়ে গেছে। বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত শ্রমিক কাজ করতে না পারায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড এডামস বলেন, ‘রানা প্লাজা ট্র্যাজেডির মতো তাজরীনের ক্ষতিগ্রস্তদেরও বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দরকার। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টিকে বৈশ্বিক ব্র্যান্ডগুলোর কৌশলে এড়িয়ে যাওয়া উচিত নয়।’