ইউক্রেনে বিদ্রোহীদের হাতে তিন নেতা নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ০০:৩১

ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও ক্রেমলিন সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে তিন সৈন্য নিহত হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের সেনাবাহিনী একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেনাবাহিনী জানায়, গোলযোগপূর্ণ অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোর আশপাশে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ৫৬ দফা হামলা চালানো হয়। বিদ্রোহী নিয়ন্ত্রিত শিল্পাঞ্চল দোনেতস্কের মেয়র জানিয়েছেন, সপ্তাহান্তে অবিরাম গোলা বর্ষণে শহরটি কেঁপে উঠে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি হল জানায়, ভারী গোলার আঘাতে গ্যাসের পাইপলাইনগুলোরও ক্ষতি হয়েছে। এছাড়াও এ ঘটনায় অঞ্চলের ৫ হাজারের বেশি বাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে সেখানকার বাসিন্দাদের এই প্রচন্ড শীতের মধ্যে গ্যাস ছাড়াই থাকতে হচ্ছে। সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করছে। জাতিসংঘ হতে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ এই নিহতের ঘটনায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে ওই অঞ্চলে ৪ হাজার ৩০০ লোকের বেশি লোক প্রাণ হারাল।