একটি খুনের দায়ে দীর্ঘ ৩৬ বছর কারাগারে ছিলেন মাইকেল হ্যানলাইন (৬৫)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জেল থেকে সোমবার মুক্ত হয়েছেন তিনি। এখন অপরাধের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। খবর: এএফপির।
জে টি ম্যাকগ্যারি নামের এক মোটরসাইকিস্টকে হত্যার দায়ে ১৯৭৮ সালে যাবজ্জীবন কারাদ- দেয়া হয় হ্যানলাইনকে। এই সাজায় প্যারোলের কোনো সুযোগ নেই, যদিও তিনি সব সময় নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন।
ভেনচুরা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গ্রেগরি টটেন বলেন, তদন্তে নতুন তথ্যপ্রমাণ পাওয়ার পর রায় নিয়ে সয়ংশয় দেখা দিয়েছে।
ভেনচুরা অ্যাটর্নির অফিসের একজন মুখপাত্র মাইকেল সোয়ার্টজ এএফপিকে বলেছেন, হ্যানলাইন নির্দোষ কিনা এ বিষয়ে আদালত এখনো নিশ্চিত হতে পারেননি। তিনি এটিও উল্লেখ করেন যে, হ্যানলাইন এখনো হত্যায় দায়ে অভিযুক্ত।
তিনি জানান, আগামী ২৭ ফেব্রুরি মামলার পুনর্বিচার নিয়ে শুনানি হতে পারে।
১৯৭৮ সালের নভেম্বরে ম্যাকগ্যারি নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। কিছুদিন পর বাড়ির কাছেই একটি রাস্তা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। কয়েক সপ্তাহ তদন্ত চালানের পর মাইকেল হ্যানলাইনকে গ্রেফতার করা হয়।
