ক্ষমতা কারো ভোগ-বিলাশের বস্তু হতে পারে না: নাসিম

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৮:০৬
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্র ক্ষমতা কারো ভোগ বিলাশের বস্তু হতে পারে না। রাষ্ট্র ক্ষমতা আর রাজনীতি হবে দেশ আর মানুষের কল্যাণের জন্য। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরু করার মাধ্যমেই জননেত্রী শেখ হাসিনা আবারো বিশ্বের কাছে প্রমাণ করেছেন, আওয়ামী লীগ সত্যিকারের দেশ আর গণমানুষের কল্যাণেই রাজনীতি করে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
৫ জানুয়ারীর নির্বাচন না হলে দেশে মার্শাল ’ল হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় ও আন্তর্জার্তিক সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেশে একটি নির্বাচন করেছেন। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। আর খালেদা জিয়া নির্বাচন চাননি, তিনি ধ্বংসলীলা চেয়েছিলেন। তার দল ও জামায়াত মিলে নির্বাচন ঠেকানোর নামে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ মার্শাল ’ল এর মধ্যে নির্বাচন করেছে। আর বিএনপি নির্বাচন বর্জন করে নিজেদের ক্ষতি নিজেরাই করেছে। গণতান্ত্রিক দেশে নির্বাচন ছাড়া কোন দল টিকে থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন।
নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে বিএনপি যদি গণতন্ত্রের পথে ফিরে আসে তবে সরকার তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। 
এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট  আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান,আবু ইউসুফ সূর্য্য, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট আব্দুর রহমান ও মোস্তফা কামাল খান। সম্মেলনে সঞ্চালনা করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ।