ছাত্রদলের বর্তমান কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দলের ’বিদ্রোহী’ নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। দলের পদবঞ্চিত নেতা তরিকুল ইসলাম টিটু ও ফেরদৌস মুন্নার নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী বেলা ৩ টায় বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা প্রায় ১ ঘণ্টা কার্যালয়টি অবরুদ্ধ করে রাখে। এ সময় ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে অপসারণের দাবি করেন তারা। পাশাপাশি দলের ছাত্রবিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে দল থেকে বহিষ্কারের দাবিও করেন।
সাবেক ছাত্রদলের নেতা তরুণ দে জানান, বৃহস্পতিবারের মধ্যে ছাত্রদলের বর্তমান কমিটি বাতিল এবং এ্যানি ও টুকুকে অপসারণ করা না হলে আন্দোলন কর্মসূচি কঠোর হবে।
