জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনে রেকর্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৯:৫০
 
২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এর আগে আর কখনো এতো বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর রশিদ মঙ্গলবার জেনারেল এডমিশন কমিটির এক সভায় এ তথ্য জানান।
তিনি বলেন, এসব শিক্ষার্থী ৪ বছরের মধ্যে অনার্স পাস করতে পারবে। গত সেশনে যারা ভর্তি হয়েছে তাদের থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো সেশন জট থাকবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে।
উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশন জটমুক্ত তথ্য-প্রযুক্তি নির্ভর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে বর্তমান প্রশাসন যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রেকর্ডসংখ্যক ভর্তি চ্ছুক শিক্ষার্থীর আবেদন তার প্রতি আস্থা জ্ঞাপনের বহির্প্রকাশ স্বরূপ।’
সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশিদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় সারাদেশে একযোগে প্রায় ২শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।