লতিফ সিদ্দিকীকে কারাগারে নিতে বাধ্য হয়েছে সরকার: মির্জা ফখরুল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৯:৫৩



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে নিতে বাধ্য হয়েছে সরকার। এখন সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শিগগিরই দেশে সরকার পতনের আন্দোলন শুরু হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘সামনে সংকট অত্যন্ত গভীর। ফ্যাসিবাদের পাথরের নিচে জনগণ চাপা পড়েছে। এই পাথর সরিয়ে জনগণকে মুক্ত করতে হবে।’

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে নতুন একটি নাটক করে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। তাকে নিয়ে পুরনো ষড়যন্ত্রের জাল নতুন করে বুনতে শুরু করেছে এই সরকার। উদ্দেশ্যে একটাই। ধর্মপ্রাণ মানুষকে উস্কে দিয়ে দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করা যাতে বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান হচ্ছে- সেটি প্রমাণ করা যায়।’