ইউএন ওমেনের এক পরিসংখ্যান মতে, বাংলাদেশে বিবাহিতদের মধ্যে প্রায় আটজনের মধ্যে সাতজনই তাদের স্বামী কর্তৃক নির্যাতিত হন এবং চারজনের মধ্যে একজন নারী জোরপূর্বক যৌন নির্যাতনের শিকার হন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যরত চারজন ছাত্রীর মধ্যে অন্তত তিনজন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে অন্তত একবার যৌন নির্যাতনের শিকার হন। এমত অবস্থায় এ বছর ইউএনএফপিএ, ইউ এন ওমেন ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদারিত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনে এক ক্যাম্পেইন পরিচালনা করছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউএনওমেন সম্মিলিতভাবে নারীর প্রতিসহিংসতা রোধে ১৬ দিনব্যাপী কার্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব তারিক-উল ইসলাম, ইউএনএফপি এর দেশীয় প্রতিনিধি মিজ আর্জেন্টিনা মেটাভেল ও ইউএনওমেন এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী মেহরীন এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
অনুষ্ঠানে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও নারী ও কন্যা শিশুদের উপর নির্যাতন এবং সহিংসতা একটি গুরুতর আর্থ-সামাজিক-সাংষ্কৃতিক সমস্যা। প্রায় প্রতিটি নির্যাতিত নারীই এক বা একাধিক ধরনের সহিংসতার শিকার হন।
