পাকিস্তান হাই কমিশনে কড়া প্রতিবাদ সরকারের

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ২০:০৮
 
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপিকে) প্রাদেশিক পরিষদে উদ্বেগ প্রকাশ করে গৃহিত একটি প্রস্তাবের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কেপিকে পরিষদে গৃহিত প্রস্তাবের নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি বিদেশি রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থার বিষয়ে এ ধরনের পক্ষপাতমূলক, ভুল পথে চালিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করা থেকে কেপিকে পরিষদের বিরত থাকা উচিত।
প্রতিবাদ লিপিতে বলা হয়, কেপিকে পরিষদের এ প্রস্তাব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে পাকিস্তানের আইনসভায় এ ধরনের প্রস্তাব ও দায়িত্বশীল ব্যক্তিদের দেয়া বারবার একই ধরনের বক্তব্য সত্যিই পরিতাপের বিষয়। পাকিস্তানের সরকারকে বিষয়টিতে গুরুত্ব দেয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের সাজা দেয়ার নিন্দা জানিয়ে কেপিকে পরিষদে একটি নিন্দা প্রস্তাব পাস করা হয়। বিচার পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তোলা হয় ওই প্রস্তাবে। পাকিস্তান জামায়াতে ইসলামির নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী খান নিন্দা প্রস্তাব উত্থাপন করেন।