১৯ দিন পর লংগদুর নানিয়ারচর থেকে তিন বন কর্মকর্তা উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:১৮

রাঙ্গামাটির লংগদু থেকে অপহৃত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের তিন বনকর্মকর্তাকে ১৯ দিন পর আজ মঙ্গলবার রাত ৮ টায় উদ্ধার করা হয়েছে। গতকাল যৌথ বাহিনীর অভিযান শুরুর পর অপহরণকারীরা অপহৃতদের নানিয়ারচর এলাকায় ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া বন কর্মকর্তারা নিজ পরিবারের কাছে ফিরে গেছেন বলে জানিয়েছেন রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক আবু হানিফ পাটোয়ারী। এর আগে রাতে উদ্ধার হওয়া বন কর্মকর্তারা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ৩ বন কর্মকর্তা বন বিভাগের কার্যালয়ে এসে পৌছায়।
উদ্ধার পাওয়ার পর রাতে বন বিভাগের পক্ষ থেকে উদ্ধার প্রাপ্ত ৩ বন কর্মকর্তাদের সাংবাদিকদের সামনে উপস্থিত করা না হলেও রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক জানান, উদ্ধারপ্রাপ্ত কর্মকর্তারা সুস্থ্য আছেন।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার লংগদুর হারিকাটা এলাকায় জোত বাগান পরিদর্শনে গেলে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের ৭ জন বনকর্মীর মধ্যে সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এবং ফরেষ্টার বিবর্তন চাকমাকে একদল সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। বাকী চারজন ফিরে এলে এই অপহরনের কথা প্রকাশ পায়।