হোটেলে ফ্রি থাকতে হলে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:৫৬

বিলাসবহুল হোটেলে থাকতে গেলে গাদা গাদা টাকার দরকার হয়। কিন্তু সুইডেনের বিখ্যাত ও বিলাসবহুল একটি হোটেল ঘোষণা দিয়েছে তারা এখন থেকে ফেসবুক পাগল লোকজনকে ফ্রি থাকার সুযোগ দেবে! ফেসবুকের জনপ্রিয়তাকে ‘মুদ্রা’ হিসেবে বিবেচনা করা হবে। যার ফেসবুক অ্যাকাউন্টে ২ হাজার ফ্রেন্ড আছে তিনি এই সুযোগের আওতায় আসবেন!

স্টকহোমে অবস্থিত নরডিক লাইট হোটেল জানায়, এই সুযোগ গ্রহণ করতে গেলে ব্যক্তিগত অ্যাকাউন্টে ২ হাজার ফ্রেন্ড কিংবা কোনো ফ্যানপেজে ১ লাখ ‘লাইক’ থাকতে হবে। আরেকটি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ১ লাখ ‘ফলোয়ার’ থাকলেও চলবে। হোটেলে রুম বুকিং নেয়ার সময় ফেসবুকে এই জনপ্রিয়তা প্রমাণ করতে পারলে সাত দিন ফ্রি থাকা যাবে। তবে ভুয়া অ্যাকাউন্ট কিংবা ভুয়া ফ্রেন্ড দিয়ে চালাকি করা যাবে না। এই হোটেলে এক রাত থাকার জন্য ৩৬০ ডলার ভাড়া দিতে হয়। যাদের ২ হাজারের কম ফেসবুক ফ্রেন্ড আছে তারা সেই হারে ডিসকাউন্ট পাবেন। যেমন ৫০০ ফ্রেন্ড থাকলে ৫ শতাংশ, ১ হাজার ফ্রেন্ডের জন্য ১০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হবে। -ইউপিআই