জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন ৫ লাখ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০১:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ১ম বর্ষের ভর্তির জন্য এ বছর পাঁচ লাখের বেশি সংখ্যক আবেদন জমা পড়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডমিশন কমিটির সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ তথ্য জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ৫ লাখ ৩৭ হাজার ৬৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন। যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভিসি আরো জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশন জটমুক্ত তথ্য-প্রযুক্তি নির্ভর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে বর্তমান প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। রেকর্ড সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা জ্ঞাপনের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, এসব শিক্ষার্থীরা চার বছরের মধ্যে অনার্স পাস করতে পারবে। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর এবং ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যরা উপস্থিত ছিলেন।