রাষ্ট্রদ্রোহ মামলায় চুয়াডাঙ্গায় দুই উপজেলা চেয়ারম্যান জেল হাজতে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০১:২৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের মজলিশে সুরা সদস্য মাওলানা আজিজুর রহমান এবং দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দামুড়হুদা জামায়াতের ইউনিয়ন আমির প্রভাষক শরীফুল আলম মিল্টনকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা এক মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতের এই দুই নেতা দামুড়হুদার আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ তৈয়ব আলী আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলহাজতে পাঠানো জামায়াত নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জানান, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর জামায়াতের এই দুই নেতাসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৪-১৫ জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়। দামুড়হুদা থানার এস আই আবু জাহের ভুঁইয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওই মামলায় বলা হয়, গত ১৮ মে মামলার আসামি দামুড়হুদা জামায়াতের ইউনিয়ন আমির প্রভাষক শরীফুল আলম মিল্টনের দামুড়হুদার বাড়ির ছাদে গোপন বৈঠক করছিলেন আসামিরা। তারা নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিলেন।

এদিকে জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান ও প্রভাষক শরীফুল আলম মিল্টন গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক মোহাম্মদ তৈয়র আলী জামিনের আবেদন না-মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।