ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের স্বঘোষিত রাজধানী রাকায় সিরীয় বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের রামি আবদেল রহমান বলেন, মঙ্গলবার সিরীয় সরকার একাধিক বিমান হামলা চালায়। এতে যে ৬৩ জন নিহত হয়েছে তাদের ৩৬ জন বেসামরিক নাগরিক।
গত বছর সুন্নি জঙ্গি গোষ্ঠী আইএসের রাকা শহরটি দখলের পর এটি বাশার আল সরকারের বিমান বাহিনীর সবচেয়ে বড় ধরনের হামলার ঘটনা।
আবদেল রহমান আরো বলেন, এদের মধ্যে ২০টি লাশ সনাক্ত করা যায়নি। এগুলো বেসামরিক নাগরিক কিংবা জঙ্গি হতে পারে। এছাড়া আরো সাতটি লাশ বিকৃত হয়ে যাওয়ায় তাদেরও চিহ্নিত করা সম্ভব হয়নি। সূত্র- বাসস।
