কৃষ্ণাঙ্গ হত্যা: বিক্ষোভ চলছেই, নিরাপত্তা জোরদার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১১:৪৭
 
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনকে হত্যার দায় থেকে পুলিশকে অব্যাহতি দেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলছেই। ফার্গুসন ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরো বিক্ষোভের আশঙ্কায় নিরপত্তা জোরদার করা হয়েছে। খবর: বিবিসি ও রয়টার্সের।
গত ৯ আগস্ট ফার্গুসনে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে নিহত হন কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন (১৮)। এ ঘটনায় স্থানীয় সময় সোমবার জুরি বোর্ড ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত জানালে ফার্গুসনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।   
 
IMG0
 
মঙ্গলবার শহরের অনেক বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে চুরি, অবৈধ অস্ত্র রাখা ও বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে, তাদের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ও ইট নিক্ষেপ করেছে। পুলিশও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়েছে।
আরো বিক্ষোভের আশঙ্কায় ফার্গুসনে ন্যাশনাল গার্ডের দুই হাজার ২০০ সদস্য পাঠানো হয়েছে।
ফার্গুসন ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ চড়িয়ে পড়েছে। নিউইয়র্কে বিক্ষোভকারীরা ব্রুকলিন ব্রিজ বন্ধ করে দিয়েছে। এছাড়া অন্যান্য রাস্তায় অবস্থান নিয়েছে। এছাড়া ওহিও, আটলান্টা, বোস্টন, লস এঞ্জেলস, কেভিল্যান্ড, মিনাপোলিসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।