ধর্মবিরোধিতার অপরাধে পাকিস্তানের আলোচিত অভিনেত্রী বীনা মালিককে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে বীনার স্বামী আসাদ বশির, উপস্থাপক সাইস্তা ওয়াহিদি এবং জিও টিভি ও জং গ্রুপের মালিক মির শাকিল-উর-রহমানেরও একই শাস্তি হয়েছে।
এছাড়া তাদের ১৩ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সম্পত্তি বিক্রি ও পাসপোর্ট জব্দ করার আদেশ দেয়া হয়েছে। পাকিস্তানের গিলগিটের অ্যান্টি-টেরর আদালত মঙ্গলবার এই আদেশ দেয়।
সাইস্তা ওয়াহিদির উপস্থাপনায় জিও টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে স্বামী বশিরের সঙ্গে বীনা মালিকের নকল বিয়ের
আসরে একটি ধর্মীয় ভক্তিমূলক গান বাজানো হয়েছিল। এই গানে নেচেছিলেন বীনা ও তার স্বামী।
বিচারপতি রায় ঘোষণার সময় জানিয়েছেন অভিযুক্ত চারজনই ধর্মীয় পবিত্রতার অবমাননা করেছেন। ৪০ পাতার রায়ে বিচারপতি পুলিশদের নির্দেশ দিয়েছেন আসামিদের যেন দ্রুত গ্রেফতার করা হয়। এই মুহূর্তে দোষী ঘোষিত চারজনই পাকিস্তানের বাইরে আছেন। শাকিল-উর-রহমান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব-আমিরাতে আছেন। এছাড়া জঙ্গি গোষ্ঠীগুলির হামলার ভয়ে বেশ কিছুদিন আগেই বিদেশ পাড়ি দিয়েছেন বাকি তিনজন।
মে মাসে প্রচার হওয়া ঐ অনুষ্ঠান সম্প্রচারের পরেই চরম বিতর্ক শুরু হয়। এর জন্য জিও গ্রুপ ও ওয়াহিদি সঙ্গে সঙ্গেই মা চান। এই চারজনের বিরুদ্ধে করাচি ও ইসলামাবাদসহ পাকিস্তানের অন্যান্য শহরের আদালতেও ব্লাসফেমির অভিযোগে মামলা চলছে। সূত্র: এনডিটিভি ও জি-নিউজ।
