ইবোলা আক্রান্ত দেশের মুসল্লিরা ইজতেমাতে আসতে পারবেন না

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১০:২৩
হজের পর সারা বিশ্বে মুসলমানদের সবচেয়ে বড় সমাবেশ বিশ্ব ইজতেমাতে এবার পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশগুলো থেকে আসা নাগরিকদের যোগদান করতে দেয়া হবে না।
ঢাকার উপকণ্ঠে টঙ্গীতে তাবলীগ জামাতের আয়োজনে এই সমাবেশ হয়ে থাকে। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ৫০ লক্ষ মানুষ ইজতেমাতে যোগ দেন।
বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন,নাইজেরিয়া,গিনি,সিয়েরা লিওনের মত পশ্চিম আফ্রিকার যেসব দেশে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে,সেখানকার নাগরিকদের আগামী ইজতেমায় আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।
পাশাপাশি ঐসব দেশে বাংলাদেশের দূতাবাস থেকে যাতে ভিসা ইস্যু না করা হয়, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।
তিনি বলেন,'ইজতেমাতে অনেক মানুষ এক জায়গায় জড়ো হন এবং বাংলাদেশ এমনিতেই ঘন বসতিপূর্ণ দেশ। এখানে যদি ইবোলা ভাইরাস আসে তাহলে আমরা বিপদে পড়ে যাবো।'
সরকারের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই তাবলিগ জামাতকে জানিয়ে দেয়া হয়েছে। গত বছর ইজতেমাতে প্রায় ১৭০০০ হাজার বিদেশি যোগ দিয়েছিলেন বলে তিনি জানান।
তিনি আরো বলেন,এর বাইরেও ইবোলার সম্ভাব্য সংক্রমণ নজরে রাখার জন্য বিমানবন্দরে স্ত্রিনিং মেশিন বসানো হয়েছে।