মায়ের সন্ধানে ৪৩ বছর পর কানাডা থেকে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশে আসছেন যুদ্ধশিশু মনোয়ারা ক্লার্ক। ১৯৭২ সালে কলকাতার মাদার তেরেসা হোমস থেকে পরিচয়হীন এই মনোয়ারাকে দত্তক আনেন ক্লার্ক পরিবার। তার নামের শেষে ক্লার্ক থাকলেও তিনি এখন বেগম ব্যবহার করেন। অনেক সংকট আর সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে উঠা মনোয়ারা এখন বৃটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারের একমাত্র মেয়ে জুলিয়াকে নিয়ে বসবাস করছেন।
মনোয়ারা বেগম ইত্তেফাককে জানান, তিনি বেড়ে উঠেন কানাডার একটি পরিবারে। যখন জানতে পারলেন তিনি বাংলাদেশের যুদ্ধশিশু, তারপর থেকেই মা আর মাতৃভূমির জন্য তার মন অস্থির হয়ে উঠেছে। তাই শেকড়ের সন্ধানে দুই সপ্তাহের জন্য ঢাকায় যাচ্ছেন।
সফরকালে তিনি মুক্তিযুদ্ধ জাদুঘর, সাভারের স্মৃতিসৌধ, রায়ের বাজারে বধ্যভূমি, বুদ্ধিজীবী কবরস্থান দেখতে যাবেন এবং একটি সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।
