এশিয়া এনার্জির কান্ট্রি ডিরেক্টর গ্যারি লাই ফুলবাড়িতে এসে সভা করার প্রতিবাদে গতকাল বুধবার তার অফিস অবরুদ্ধ করে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের সহায়তায় দুপুরে গ্যারি লাই ফুলবাড়ি ত্যাগ করেন। গ্যারি লাইয়ের ফুলবাড়িতে আগমনের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ফুলবাড়িতে অবরোধ এবং বিকালে জনসভার কর্মসূচি ঘোষণা করেছে তেল গ্যাস জাতীয় কমিটির স্থানীয় শাখা ও স্থানীয় সম্মিলিত পেশাজীবী সংগঠন।
জানা যায়, গ্যারি লাই কিছু কর্মকর্তা ও কর্মচারী নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ি অফিসে আসেন। গতকাল তিনি এশিয়া এনার্জির ল্যাবরেটরিতে ফুলবাড়ি কয়লাখনি সম্পর্কে আলোচনা সভা করেন। বিষয়টি জানাজানি হলে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির স্থানীয় শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ টায়ার জ্বালিয়ে ফুলবাড়ি-দিনাজপুর সড়ক অবরোধ করে। পরে সম্মিলিত পেশাজীবী সংগঠনের প্রধান সমন্বয়ক ও পৌর মেয়র মুরতুজা সরকার মানিকের নেতৃত্বে সম্মিলিত পেশাজীবী সংগঠন ও তেল গ্যাস জাতীয় কমিটির নেতাকর্মীরা যৌথভাবে লাঠিসোঁটা নিয়ে এশিয়া এনার্জির অফিস ঘেরাও করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা ভাংচুর চালায়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের (ওসি) উপস্থিতিতে দুপুর আড়াইটার দিকে গ্যারি লাই ফুলবাড়ি ত্যাগ করেন।
