বর্ধমানে বোমা বিস্ফোরণ: বাংলাদেশের তদন্ত কর্মকর্তারা আজ যাচ্ছেন কলকাতায়

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৪:৪৫
পশ্চিমবঙ্গে বর্ধমানে বোমা বিস্ফোরণে ঘটনা তদন্তে বাংলাদেশের তদন্তকারী টিম বৃহস্পতিবার কলকাতা যাচ্ছে। সাত সদস্যের এই তদন্তকারী টিম সেখানে তিন দিন অবস্থান করে তদন্ত করবে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক কর্নেল আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে এই টিমের অপর সদস্যরা হলেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে.কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা এসবি’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক আব্দুল আজিজ, পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয়) মাহফুজুর রহমান, সিআইডির বিশেষ পুলিশ সুপার আশরাফুল ইসলাম ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মেজর আতিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই টিম কলকাতা যাবে। টিমটি প্রথমেই পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে বৈঠক করবে। এরপর তারা বর্ধমান পুলিশের সাথে বৈঠক করে ঘটনাস্থল পরিদর্শন করবে। এছাড়া বর্ধমান পুলিশের হাতে গ্রেফতার জেএমবি নেতা রহমতউল্লাহ ওরফে সাজিদের দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করবে।