প্রশ্নপত্র ফাঁস রোধে আইনগতভাবে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসে কেউ যদি হাত দেয়, তবে সেই হাত পুড়ে যাবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভাশেষে তিনি এই কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার কোচিং সেন্টারগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। এছাড়া বিজি প্রেসেও নজরদারি বাড়ানো হবে।
তিনি বলেন, পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
সভায় এসএসসি পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য সার্বিক বিষয় তদারকির জন্য ২৫ সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।
