পুলিশ ও র‌্যাবকে ঢেলে সাজানো হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৭:২৬
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার পুলিশ ও র‌্যাবকে আরো সুসজ্জিত করে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছে। 
সরকারের এই মেয়াদেই আরো ৫০ হাজার পুলিশ সদস্য বাড়ানো হবে।  শিল্প পুলিশ ও নৌ-পুলিশ পুলিশ বাহিনীতে যোগ হয়েছে। একই সঙ্গে র‌্যাবকে আধুনিকায়নের অংশ হিসেবে ৪০ হাজার অপরাধীর তথ্য ধারণ ক্ষমতাসম্পন্ন ক্রিমিনাল ডাটাবেজ তৈরি করা হয়েছে।
প্রতিমন্ত্রী বৃস্পতিবার বেলা ১১টায় রাজধানীর উত্তরায় র‌্যাব সদরদপ্তরে ‘র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজ’ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীরা নতুন নতুন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ড ঘটাচ্ছে। সে ক্ষেত্রে আমরাও বসে না থেকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করব। দেশের আপামোর জনসাধারণকে শান্তিতে রাখার জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের অতীত এবং বর্তমান অপরাধের ধরন বিশ্লেষণ করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আরো তৎপর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের পরিচালক অপারেশন কর্নেল রিয়াজুল ইসলাম রিয়াজ, কমান্ডার সায়েদ প্রমুখ।
সাইবার ক্রাইম সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে সাইবার ক্রাইমের ঘটনা দিন দিন বাড়ছে। এ ধরনের অপরাধ কর্মকান্ড রোধ করার জন্য নিরলসভাবে কাজ করছে আইন-শৃংখলা বাহিনী। র‌্যাবের ক্রিমিনাল ডাটা বেজ তৈরি করা হয়েছে। সেখানে সকল অপরাধীর নাম, ঠিকানা, পেশা, ছবি, ফিঙ্গার প্রিন্ট, আঙ্গুলের ছাপ, চোখের চিত্র, অপরাধের ধরন, অপরাধের সংখ্যা, অতিতের রেকর্ড ও ডিএন সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন তথ্য থাকবে। 
আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেন, বিশেষায়িত ইউনিট হল র‌্যাব। বিশেষ ধরনের কাজ সম্পন্ন করার জন্য র‌্যাব সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে র‌্যাব তাদের সক্ষমতা অর্জন করতে পেরেছে। র‌্যাবের ভাবমূর্তি, আস্থা ও ভালেবাসা আমাদের ধরে রাখতে হবে।
র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান বলেন, দেশের ৬৭টি কারাগারের মধ্যে ৬৪টি কারগার থেকে প্রায় ৪০ হাজার অপরাধীর তথ্য নিয়ে র‌্যাবের ডাটাবেজ তৈরি করা হয়েছে। ১৬ কোটি মানুষের নিরাপত্তার নিশ্চিত করতে প্রায় ৯ হাজার র‌্যাব সদস্য সর্বদা দায়িত্ব পালনে নিয়োজিত বলেও তিনি উল্লেখ করেন।
পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি হাসান মাহমুদ খন্দকার নিজ নিজ আঙ্গুলের ছাপ দিয়ে ‘র‌্যাবের ক্রিমিনাল ডাটাবেজ’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টানাপড়েনের পর বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারিত করতে একটি চুক্তি সই করেছে সার্ক দেশগুলো।