স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কথা বলে শহিদ মিলন হত্যার মামলাটি পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, বিগত ৫ জানুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আর এ কারণেই আজ আমরা এখানে মিলন দিবস পালন করতে পারছি এবং তার হত্যাকারীদের বিচার দাবি করতে পারছি।
বৃহষ্পতিবার শহিদ ডা. মিলনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে মিলনের সমাধিস্থলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তত্কালীন যুগ্ম-মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর ঘাতকদের হাতে শহীদ হন।
বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানের সভাপতিত্বে সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শহিদ মিলনের মা সেলিনা আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, ন্যাপের সাধারণ সম্পাদক ইনামুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ বক্তব্য রাখেন।
