আনন্দ শিপইয়ার্ডে ঋণজালিয়াতির অভিযোগ

ইসলামী ব্যাংকের ৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৮:১১
 
 
 
 
 
আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণজালিয়াতির অভিযোগ অনুসন্ধানের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ইভিপি ইঞ্জিনিয়ার  মোহাম্মদ আলী, এসভিপি ইঞ্জিনিয়ার মঈজ উদ্দিন, ভিপি মো. হাসানাইন আবিদ, সাবেক এভিপি মো. দেলোয়ার হোসেন, এভিপি মাহমুদ হোসেন খান ও সাবেক এসও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।
দুদক সূত্র জানিয়েছে, দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে আনন্দ শিপইয়ার্ডের বিরুদ্ধে। জাহাজ নির্মাণের পূর্ব-অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের পরিদশনের রিপোর্টের পর কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।