দুদকের বিজ্ঞপ্তি: ভুয়া দুদক কর্মকর্তা থেকে সাবধান

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ২৩:৫১

বৃহস্পতিবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভুয়া দুদক কর্মকর্তা থেকে সাবধান থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দুর্নীতি দমন কমিশন একাধিক সূত্রে অবহিত হয়েছে, একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশন কর্মকর্তার পরিচয় দিয়ে মোবাইল ফোন অথবা টেলিফোনের মাধ্যমে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি প্রদানের আশ্বাস কিংবা নানা প্রকার ভয় ভীতি প্রদর্শন করে সরকারি-বেসরকারি চাকরিজীবী/ ব্যাবসায়ীদের নিকট থেকে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করে।” কারো একক ইচ্ছানুযায়ী দুদকের অনুসন্ধান, মামলা দায়ের এবং তদন্ত কাজ হয় না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দুদকের অনুসন্ধানকারী ও তদন্তকারী কর্মকর্তাদের মোবাইল কিংবা টেলিফোনে যোগাযোগও নিষিদ্ধ।
এই ধরনের কোনো তথ্য পেলে ০২৯৩৫২৫৫২ নম্বরে টেলিফোন করে তা জানাতে বলেছে কমিশন।