তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিসওয়াল। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার ঢাকায় অবস্থানকালে তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়িক সমপ্রদায়, তৈরি পোশাকশিল্প খাতের নেতৃবৃন্দ ও কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ করবেন।
নিশা বিসওয়াল আজ সকালে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন। এরপর বিকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের সঙ্গে সাক্ষাত্ করবেন। আগামীকাল দুপুরে পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক করবেন। এদিন বিকালে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।
গতকাল মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসভবনে নৈশভোজে যোগ দেন নিশা বিসওয়াল।
