ইতিহাসবিদ অধ্যাপক তপন রায়চৌধুরী মারা গেছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ১০:৩২

খ্যাতিমান বাঙালি ইতিহাসবিদ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন রায়চৌধুরী মারা গেছেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডের নিজ বাড়িতে বুধবার স্থানীয় সময় রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কয়েকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা ও নাতনীকে রেখে গেছেন।
প্রখ্যাত ইতিহাসবিদ মি. তপন রায়চৌধুরীর লেখা পূর্ববাংলার স্মৃতিচারণমূলক বই ‘বাঙালনামা’ বাংলাদেশ-কলকাতা দু‘দেশেই বেশ পাঠকপ্রিয়তা লাভ করেছে। তিনি মূলত তাঁর বইয়ে স্মৃতি কথায় সামাজিক ইতিহাস তুলে ধরেছেন। বাঙালানামা ছাড়াও রিখেছেন ‘রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তের পরিচর্চা‘র পাঠকনন্দিত সরস আত্মজীবনীমূলক বই। যা বাঙালি পাঠকের কাছে সর্বকালে উজ্জল হয়ে থাকবে। তাঁর সর্বশেষ বই ‘প্রবন্ধ সংগ্রহ’। এতে তিনি আকবরের আমল থেকে সুকুমার সেন পর্যন্ত হরেক বিষয়ের আলোকপাত করেছেন।
এই প্রতিথযশা মানুষটি ১৯২৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও জমিদারদের অনাচার-অত্যাচারের বিরুদ্ধেই লিখেছেন। তিনি ছিলেন উদার-মুক্তমনের লেখক।
সমকালীন ইতিহাসবিদদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ভারত-বাংলা ও বৃটিশ ইতিহাস লেখায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি অবিভক্ত বাংলা ও উপমহাদেশকে দেখেছেন উদার ও মুক্তচিন্তার ভিত্তিতে। সকল সংস্কারমুক্ত ও রক্ষণশীলতার উর্দ্ধে উঠে তিনি মুক্তচিন্তা-বুদ্ধির চর্চা করেছেন আমৃত্যু এবং পূর্ববঙ্গীয় দৃষ্টিভঙ্গি লালন করেছেন।

তিনি ১৯৭৩-১৯৯২ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে অধ্যাপক ছিলেন। ১৯৯৩ সালে তিনি অবসর গ্রহণ করেন বিশ্বখ্যত এই প্রতিষ্ঠান থেকে। তিনি জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে অন্তত ৬টি পুরষ্কার লাভ করেছেন। তিনি আমৃত্যু অক্সফোর্ড ইউনিভার্সিটির অনারারি ফেলো ছিলেন।