খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল

‘সিলেকশন’ আতংকে প্রার্থীরা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ০৩:০৫

আগামীকাল শনিবার প্রায় ১০ বছর পর খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। ২০০৪ সালে তালুকদার আবদুল খালেককে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মহানগরের কমিটি গঠিত হয়েছিল। কমিটির মেয়াদ তিন বছর হলেও তা দশ বছর অতিক্রম করেছে।

সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সম্মেলনকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ স্থান, অলিগলিতে প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড টানানো হয়েছে। মোড়ে মোড়ে মাইক লাগিয়ে চলছে প্রচারণা। কিন্তু এর পাশাপাশি ইলেকশন (ভোট) নয়, সিলেকশনের (সমঝোতার মাধ্যমে মনোনয়ন) মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে নেতা ‘নির্বাচন’ করা হতে পারে ভেবে তাঁদের প্রার্থীদের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।
নগর কমিটির বর্তমান সভাপতি বাগেরহাট-২ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো নেতা এই পদে প্রার্থিতা ঘোষণা করেননি।
আগামীকাল শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।