‌‌‌‌শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা হয়েছে : শ্রমপ্রতিমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ১৭:১৮
 
 শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সব ধরনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার দেশের শ্রমিকদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে শ্রম আইন কার্যকর ও ট্রেড ইউনিয়ন করার অধিকার সুনিশ্চিত করেছে।
তিনি আরো বলেন, দেশের গৃহকর্মীদের জন্য বর্তমান নীতিমালা অনুসরণ করে একটি আইন প্রণয়নের কাজ চলছে। খুব শিগগিরই তা সংসদে উত্থাপিত হবে বলে তিনি।
শুক্রবার সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দু’দিনব্যাপী ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু আরো বলেন, রানা প্লাজা ও তাজরিনের ঘটনায় হতাহত ও ক্ষতিগ্রস্ত সব শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ক্ষতিগ্রস্ত সকলে যাতে ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা পান, সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে। শিগগিরই তা সাংবাদিক সম্মেলন করে জানানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে ভারতের শ্রমিকনেতা অশোক ষোষ, নেপালের মদন ভশন্দ ও রাহিদ চক্রবর্তী, দক্ষিণ আফ্রিকার ফিনা নাইমেকোসহ আন্তর্জাতিক ও বাংলাদেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রায় ৯শ’ শ্রমিক প্রতিনিধি দুদিনব্যাপী এই সম্মেলনে অংশ গ্রহণ করেন। আগামীকাল নতুন কমিটি গঠন করা হবে।