মেক্সিকোয় ৪৩ ছাত্র নিখোঁজের ঘটনার জের ধরে দেশের পৌর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর লক্ষ্যে একটি পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। এতে সকল স্থানীয় পুলিশ ইউনিটকে যুক্তরাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন নিয়েতো। এদিকে গুয়েরেরো রাজ্য থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার অন্তত ১১টি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর বিবিসি ও আল-জাজিরার।
দেশটির গুয়েরেরো রাজ্যের ইগুয়েলায় শ্রমিক অধিকার নিয়ে বিক্ষোভ করায় গত ২৬ সেপ্টেম্বর ছাত্রদের ওপর হামলা চালায় স্থানীয় পুলিশ। এসময় ৪৩ শিক্ষানবিশ শিক্ষক নিখোঁজ হয়। তাদেরকে মাদক ব্যবসায়ী একটি গ্রুপ হত্যা করেছে বলে সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হলেও পরিবার এবং আত্মীয়-স্বজন তা মেনে নেয়নি। তারপর এ নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
ভাষণে প্রেসিডেন্ট নিয়েতো বলেন, মেক্সিকোয় অবশ্যই পরিবর্তন হবে। তার এ ঘোষিত প্রস্তাবে সংবিধানে বেশকিছু পরিবর্তন আনার তাগিদ দেন প্রেসিডেন্ট। তিনি দেশের ১৮শ পুলিশ বাহিনীকে বিভিন্ন জায়গায় বদলি এবং তাদেরকে ৩১ টি যুক্তরাষ্ট্রীয় প্রাদেশিক সরকারের অধীনে নিয়ে আসার কথা জানান। এছাড়া স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণ করতে এটি কংগ্রেসকে শক্তিশালী করবে বলে জানান নিয়েতো। এছাড়া সবচেয়ে বৈরি চারটি রাজ্য তামাওলিপাস, জেলিসকো, মিচোয়াকান এবং গুয়েরেরো- সংস্কার প্রস্তাব প্রথমে এই রাজ্যগুলোতেই কার্যকর করা হবে। জরুরি অবস্থায় জাতীয়ভাবে একটি ফোন নম্বর চালু করা ও প্রতিটি নাগরিকের জাতীয় পরিচয় নম্বর দেওয়ার কথা বলা হয় এই সংস্কার প্রস্তাবে। তাছাড়া অপরাধ বিষয়ে যুক্তরাষ্ট্রীয়, প্রাদেশিক ও স্থানীয় পর্যায়ে কাজ করার কথা জানানো হয়। কিন্তু কিছু স্থানীয় পুলিশ বাহিনী যুক্তরাষ্ট্রীয় অপরাধ বিশেষ করে মাদক চোরাচালানের বিষয়টি নিয়ে কাজ করতে অস্বীকৃতি জানান।
আগামী সপ্তাহে কংগ্রেসে বিলটি তোলার কথা রয়েছে। ওদিকে বৃহস্পতিবার চিলাপা শহরের কাছে একটি রাস্তার ওপর ১১ টি পোড়া বা শিরোশ্ছেদ করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই লাশগুলো ব্যবসায়ী দলের সদস্যদের বলে ধারণা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী দলের সদস্যরা তাদের হত্যা করেছে বলে পুলিশের ধারণা। লাশগুলো প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী দলের লেখাসংবলিত ব্যানার দিয়ে মোড়ানো ছিল।
