যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার গাজীপুরের বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড এবং বিপসটের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এরপর প্রতিনিধি দলটি বিপসটের বিভিন্ন আভ্যন্তরীণ ও মাঠপর্যায়ের প্রশিক্ষণসহায়ক সুবিধাদি পরিদর্শন করেন। খবর আইএসপিআরের।
এ ছাড়া, পরিদর্শন দলে বিদ্রোহী দলের শিকার জাতিসংঘ উদ্বাস্ত ক্যাম্পে বসবাসরত বেসামরিক ব্যক্তিবর্গকে শান্তিরক্ষা বাহিনীর উদ্ধার অভিযানের একটি মহড়া প্রদর্শন করা হয়। নিশা দেশাই বিসওয়াল বিপসটের কর্মকর্তাদের উপস্থিতিতে বিপসট অফিসার্স মেস কমপ্লেক্সে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে তিনি বিপসটের প্রশিক্ষণের মান এবং প্রশিক্ষণ-সুবিধাদির ভূয়সি প্রশংসা করেন। তিনি এক দশকের অধিককাল ধরে বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের মহত্ অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
পরিদর্শনের শুরুতে নিশা দেশাই বিসওয়াল বিপসট কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। প্রতিনিধি দলটি বিপসট কমান্ড্যান্টের সাথে শান্তিরক্ষা বিষয়ের ওপর মতবিনিময় করেন।
উল্লেখ্য, বিপসট বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শান্তিরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানকারী নেতৃস্থানীয় আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান যেখানে দেশি ও বিদেশি শান্তিরক্ষীগণ শান্তিরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।
