মিসরের রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে একটি হোটেলের বাইরে বন্দুকধারীদের গুলিতে শুক্রবার সেনাবাহিনীর এক কর্নেল নিহত ও দুই সৈন্য আহত হয়েছে।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, ইসলামপন্থীদের ডাকা একটি বিক্ষোভ কর্মসূচির কয়েক ঘন্টা আগে এ ঘটনা ঘটলো। ইসলামপন্থীদের কর্মসূচির কারণে পুলিশ ও সেনাবাহিনী কায়রো ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছিলো।
হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে গত বছর জুলাই মাসে সেনাবাহিনী ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুৎ করার পর থেকে ইসলামপন্থী মিলিশিয়াদের হাতে অনেক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছে।
মুরসিকে ক্ষমতাচ্যুত ও কারাবন্দী করার পর তার সমর্থকদের ওপর ব্যাপক অভিযান চালানো হয়Ñ যাতে কয়েকশ’ লোক নিহত হয় এবং কয়েক হাজার লোককে কারাবন্দী করা হয়।
অধিকাংশ হামলার ঘটনা ঘটেছে সিনাই উপদ্বীপের উত্তরে যেখানে জঙ্গিরা ইরাক ও সিরিয়ার অংশবিশেষের নিয়ন্ত্রণে থাকা ইসলামিক স্টেট গ্রুপের প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
আনসার বাইত-আল মোকাদ্দিস গ্রুপ কায়রোতে ও নাইল ভ্যালিতে হামলা চালিয়েছে এবং গতবছর গাড়ি বোমা হামলার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। এএফপি
