খালেদা জিয়ার সঙ্গে নিশা দেশাইর সাক্ষাৎ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ২১:৩৭
 
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সাক্ষাৎ করেছেন। 
শুক্রবার সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনে বেগম খালেদা জিয়া সঙ্গে প্রায় এক ঘন্টারও বেশি সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়। 
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এক ব্রিফিংয়ে বলেন, প্রায় একঘন্টার বৈঠকে মূলত দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এবং ভবিষ্যতে পরস্পরের স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।
শমসের মবিন জানান, বৈঠকে দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির সহযোগিতা ধরে রাখতে এই অঞ্চলের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ওপর গুরুত্বরোপ করেছেন নিশা দেশাই বিসওয়াল। 
সন্ধ্যা ৬টা ৭ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। 
নিশা বিসওয়াল বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান। নিশা সর্বশেষ গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর নিশার এটাই প্রথম বাংলাদেশ সফর। সার্ক শীর্ষ সম্মেলনে অন্যতম পর্যবেক্ষক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নিশা নেপালের ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন থেকে ঢাকা এসেছেন। 
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।