একটি বাঘের আক্রমণে নাজেহাল চীন! মাঝে মাঝেই চলছে চোরাগোপ্তা হামলা। ইতিমধ্যেই চীনের ১৫টি ছাগল মারা গেছে। তিনটি ছাগল লাপাত্তা। পাঁচটি মুরগিও পাওয়া যাচ্ছে না। এতগুলো ছাগল ও মুরগী ‘হত্যাকান্ডের’ পেছনে দায়ী কে শুনবেন? তিনি আর কেউ নন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজব শোনালেও গুজব নয়। এসব ঘটনার জন্য দায়ী পুতিনের সাধের সাইবেরিয়ান বাঘ। সমপ্রতি তিনি পূর্ব রাশিয়ার প্রত্যন্ত আমুর এলাকার জঙ্গলে তিনটি বিরল প্রজাতির সাইবেরিয়ান বাঘ ছেড়ে দেন। কয়েক দিনের মধ্যেই দুটি বাঘ সীমান্ত পেরিয়ে চীনে ঢুকে পড়ে। তারপর থেকেই ওই বাঘের হানায় নাজেহাল চীনের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। শুরু করেছে বেপরোয়া ‘হত্যাযজ্ঞ’। চীনের সরকার দাবি করেছে, সীমান্তবর্তী গ্রামে ১৫টি ছাগল বাঘটির পেটে গেছে। গ্রামের কৃষকদের বক্তব্য, পুতিনের বাঘ দুটির ভয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে। প্রতিদিন সকালে উঠেই দেখা যায় এখানে সেখানে ছোপ ছোপ রক্ত। ছাগলের দেহাংশ পড়ে রয়েছে। তাদের আশঙ্কা, কোনও দিন হয়তো মানুষের উপরেও হামলা শুরু করবে পুতিনের এই বাঘ। -টাইমস অব ইন্ডিয়া
