নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। এসময় তিনি ‘শত্রুদের মোকাবেলায়’ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্তর নাইজেরিয়ার বৃহত্তম শহর কানোর প্রধান মসজিদে বন্দুকধারীদের তিনটি বোমা হামলা ও গুলিবর্ষণে অন্ততপক্ষে ৮১ জন নিহত হয়েছেন। জুমার নামাজ শুরু হওয়ার পর এই হামলা চালানো হয়।
নাইজেরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখান পর্যন্ত হামলায় দায় কেউ স্বীকার করেনি।
নাইজেরিয়ার মুসলিম ধর্মীয় কর্তৃপরে দ্বিতীয় প্রধান কানোর আমির লামিদো সানুসি’র প্রাসাদের পাশেই মসজিদটির অবস্থান। সানুসি বোকো হারাম গোষ্ঠীর একজন কড়া সমালোচক। তবে হামলার সময় নাইজেরীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই প্রধান মসজিদে ছিলেন না।
আমিরের প্রাসাদের এক কর্মী রয়টার্সকে বলেছেন, কয়েকটি বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিবর্ষণও করেছে। হতাহতের বিষয়ে আমি কিছু বলতে পারছি না, কারণ আমরা সবাই দৌড়ে পালিয়ে এসেছি।
ছয় বছর ধরে বোকো হারামের বিদ্রোহী-জঙ্গিরা গোষ্ঠীটির কট্টর ধারা মেনে না চলা বেশ কয়েকটি মসজিদে হামলা চালিয়েছে।
