বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া নির্বাচনী ট্রেন মিস করেছেন, নির্ধারিত সময়ের ১ দিন আগেও ঐ ট্রেন আসবে না। শনিবার ভোলার বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। যারা ঐ কাজে বাঁধা হয়ে দাঁড়ায় জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভোলা হবে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক জোন আর বোরহানউদ্দিনে গ্যাস থাকায় এ উপজেলা হবে সবচেয়ে সমৃদ্ধ উপজেলা। বোরহানউদ্দিনে স্থাপিত ২২৫ মেঘাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুত কেন্দ্র ডিসেম্বরের শেষ দিকে উত্পাদনে আসছে , আরো ২২৫ মেঘাওয়াট বিদ্যুতকেন্দ্র স্থাপিত হচ্ছে। ইতিমধ্যেই বিনিয়োগকারীরা এখানে আসতে শুরু করেছেন। ২-১ মাসের মধ্যে এলাকায় গৃহস্থালী কাজে গ্যাস সংযোগ দেয়া শুরু হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীগীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আ. ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, উপদপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি, আলী আজম মুকুল এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, ফাহিম গোলন্দাজ এমপি, শিবলী সাদিক এমপি, শরীফ আহম্মদ এমপি, এ্যাডভোকেট মমতাজ বেগম এমপি, জেলা আ’লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, আলীগ নেতা আ. ন.ম আবদুল্লাহ, আ. রব কাজী প্রমুখ।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে জসিমউদ্দিন হায়দার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মো. রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
