ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ভারত-পাক সীমান্তে জঙ্গি কার্যকলাপের পিছনে পাক সীমান্তরক্ষী বাহিনীদেরই মদত রয়েছে। বার বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে সক্রিয় হয়েছে পাক বাহিনী ও জঙ্গিরা। এমনকী, কাঠমান্ডুতে সার্ক সম্মেলন চলাকালীন আর্নিয়াতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হয় তিন সেনা জওয়ান-সহ ১০ জনের। সেনা-জঙ্গি ওই সংঘর্ষের পরেই দিল্লি স্পষ্ট করে দেয়, সন্ত্রাসবাদে মদত দেয়া বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সহজ হবে না। শনিবার গুয়াহাটিতে রাজ্য পুলিশের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজনাথ বলেন, নতুন করে সংগঠন তৈরি করার প্রয়াস করছে আল-কায়দা। এ ব্যাপারে আরও বেশি সতর্কতার প্রয়োজন। গোটা বিশ্বের কাছে মধ্যপ্রাচ্যে সক্রিয় ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস দ্বারা চালিত সন্ত্রাসবাদী কার্যকলাপ সাম্প্রতিক কালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুব সম্প্রদায়ের একাংশকে এই সংগঠন অনুপ্রাণিত করার চেষ্টা করছে। খবর এনডিটিভি, আনন্দবাজার।
