ডিএসইতে গত সপ্তাহে লেনদেন কমেছে ৪৮ শতাংশ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৯:১০
 
 
 
 
 
পুঁজিবাজারে গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিন সার্বিক মূল্যসূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহ শেষে মূল্যসূচক, বাজার মূলধন ও লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন বিগত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আগের সপ্তাহেও ডিএসইর সূচক ও লেনদেন কমেছিল।
তথ্যে দেখা গেছে—সপ্তাহশেষে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ব্রড ইনডেক্স কমেছে ১২৭ বা ২ দশমিক ৯৬ শতাংশ। আগের সপ্তাহশেষে ডিএসইর ব্রড ইনডেক্স কমেছিল ৮৪ বা ১ দশমিক ৭০ শতাংশ। ডিএসই-৩০ ইনডেক্স সপ্তাহশেষে ২ দশমিক ৯৬ শতাংশ বা ৫৩ কমে অবস্থান করছে ১ হাজার ৭৬০ পয়েন্টে। টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ৫০৭  কোটি ৭৫ লাখ টাকা বা ৪৮ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছিল ১৭ শতাংশ বা ৬৪২  কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৫৯৮ টাকা।
গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে দৈনিক গড় শেয়ার লেনদেন কমেছে ৪৮.০৯ শতাংশ বা ৩০১ কোটি ৫৫ লাখ ৬৬৬ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৪৪টির, দর অপরিবর্তিত রয়েছে ২৪টির এবং লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। 
গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ দশমিক ৮৮ শতাংশ বা ৯ হাজার ৩৫৪ কোটি ৯৭ লাখ ৫২ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছিল ১ দশমিক ৬৫ শতাংশ বা ৫ হাজার ৪৫৮ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা।