শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ কারণে কোম্পানির পরিচালনা পর্ষদ অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় স্পেক্ট্রা কনভেশন সেন্টারে ইজিএম অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ঋণমানে ফু-ওয়াং সিরমিক ‘বিবিবি২’ হিসেবে বিবেচিত হয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির মুনাফা কমেছে ৩৯ শতাংশ। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ৯৬ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস ১১ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা ছিল ১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন সামাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এ হিসাব বছরের ইপিএস হয়েছে ৪৯ পয়সা ও করপরবর্তী মুনাফা ৪ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা। ২০১৩ সালেও কোম্পানিটি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।
জানা গেছে, কোম্পানিটি ডিজিটাল প্রিন্টিং মেশিন আমদানি করবে। সম্প্রতি এ নিয়ে কোম্পানিটি স্পেনের কোম্পানি ইএফআই ক্রিটাপ্রিন্ট এসএলইউয়ের সঙ্গে একটি চুক্তি করেছে। এ প্রিন্টিং মেশিন আমদানিতে ব্যয় হবে ২ লাখ ৫০ হাজার ইউরো, যা প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। সম্প্রতি এ জন্য কোম্পানিটি ঋণপত্রও খুলেছে।
