‘সোশ্যাল বিজনেস টু সেপ দ্যা ওয়ার্ল্ড অব ২০২০’- এই লক্ষ্য অর্জনের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ বিশ্ব সামাজিক ব্যবসা সম্মেলন (জিএসবিএস)। শুক্রবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়।
সমাপনী বক্তব্যে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে নতুন এক পৃথিবী সৃষ্টির সুযোগ এসেছে। আধুনিক প্রযুক্তিও আমাদের এ সম্ভাবনা দেখিয়েছে। সামাজিক ব্যবসার মাধ্যমে আমরা এমন একটি বিশ্ব গড়তে চাই যেখানে সবার জন্য ঋণ, পুঁজি, সুস্বাস্থ্য, শিক্ষা, সুশাসন ও কাজ থাকবে। দূষণমুক্ত, যুদ্ধাস্ত্রমুক্ত ও আয় বৈষম্যহীন বিশ্ব হবে আমাদের।
সামাজিক ব্যবসা ধারণার এই উদ্ভাবক আরো বলেন, বর্তমান বিশ্ব নানা চ্যালেঞ্জের মুখোমুখি। দারিদ্র্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারলে বিশ্ব থমকে যাবে। তাই সামাজিক ব্যবসা ছড়িয়ে দিতে হবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। তিনি আরো বলেন, সামাজিক ব্যবসাকে এগিয়ে নিতে আমাদের অঙ্গীকার করতে হবে। আর সেই অঙ্গীকার হচ্ছে দারিদ্র্য দূর করা। সবার অর্থনৈতিক সক্ষমতা অর্জন করা। আনন্দ নিয়ে এ ব্যবসা করা।
সম্মেলনের সমাপনী দিনে সামাজিক ব্যবসার ভবিষ্যত্ এজেন্ডা বিষয়ে বক্তব্য রাখেন ম্যাকগিল ইউনিভার্সিটির সোশ্যাল লার্নিং ফর সোশ্যাল ইমপ্যাক্ট এমওওসি এর অপারেশন ডিরেক্টর ড. আনিতা নোয়াক, গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক ইমামুস সুলতান, ইউনূস সোশ্যাল বিজনেসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা সাসকিয়া ব্রুসটেন, মেক সেন্সের সহ-প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়ান ভ্যানিজেটি, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ প্রমুখ।
এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ৫০টি দেশের সাড়ে সাতশ’ সুশীল সমাজ, সরকারি ও বেসরকারি খাতের বিশেষজ্ঞ এবং তাত্ত্বিক প্রতিনিধিরা অংশ নেন। দুই দিনের এই সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণকারীরা মতামত ও ধারণা বিনিময় করেন। সামাজিক ব্যবসার সক্ষমতা, মান ও স্বীকৃতির বিষয়টি আরো বাড়াতে তারা আলোচনা করেন। এ বছর মেক্সিকোর গ্রিন স্ট্রিট ও দ্য আর্থ ফান্ডের সঙ্গে যৌথভাবে গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও ইউনূস সেন্টার সম্মেলনের আয়োজন করে। আগামী বছরের ৫-৬ নভেম্বর এই সম্মেলন জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে।
