জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অভিযোগ গঠনের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দায়েরকৃত লিভ টু আপিল খারিজ করে দেয়া হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এই অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। পরে হাইকোর্ট খালেদা জিয়ার আবেদন খারিজ করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।
আপিলের ওপর শুনানি শেশে গতকাল আদেশের জন্য দিন ধার্য করা হয়। সেই মোতাবেক আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দেয়।
এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
আদেশের পর খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন বলেন, জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে ট্রাস্ট সংক্রান্ত দুটি মামলা করা হয়েছে।
তিনি বলেন, হাইকোর্টে আমাদের আবেদন খারিজ হওয়ার পর আপিল বিভাগে যাই। আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু সর্বোচ্চ আদালত আমাদের সেই আবেদনও খারিজ করে দেয়। আমরা সর্বোচ্চ আদালতেও বিচার পেলাম না।
