শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কেশবপুরের এক বখাটেকে ধরতে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা বলা হয়।
একটি দৈনিকে আজ ‘মালোপাড়ার আলোটি নিভে যাবে?’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতি নুরুল ইসলাম নাহিদের দৃষ্টি আকৃষ্ট হওয়ার পর এ নির্দেশ দেন।
মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সকালে এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তিনি যে কোনো মূল্যে ওই বখাটেকে গ্রেফতার করা এবং ভুক্তভোগী ছাত্রীর অবিলম্বে কলেজে যাওয়া নিশ্চিত করার নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশ পাওয়ার পর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক উপ-পরিচালক শিক্ষা, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে ভুক্তভোগী ছাত্রীর বাড়ি পরিদর্শন করেছেন এবং বখাটেকে গ্রেফতারের উদ্যোগ নিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রীকে নিরাপদে কলেজে যাতায়াতের নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
