স্ত্রীর খেতাব কেড়ে নেয়ার নির্দেশ থাইল্যান্ডের রাজকুমারের

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৭:১৪
 
 
থাইল্যান্ডের রাজকুমার ভাজিরালংকর্ন তার স্ত্রীর রাজকীয় খেতাব কেড়ে নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। স্ত্রীর সাত জন নিকট আত্মীয় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হবার পর এই আদেশ দেয়া হয়েছে বলে খবরে জানিয়েছে বিবিসি।
২০০১ সালে ভাজিরালংকর্নের ও তৃতীয় স্ত্রী রাজকুমারী শ্রিরাসমি আক্রাপংপ্রিচা'র বিয়ে হয়।
ধারণা করা হচ্ছে এ সিদ্ধান্ত রাজকীয় দম্পতির বিবাহ বিচ্ছেদের প্রথম পদক্ষেপ। তাদের একসঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে দেখা গেলেও তারা আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে।
গত প্রায় দশ দিন ধরে রাজকুমারীর পরিবারের সদস্যদের গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্তের খবর থাইল্যান্ডের গণমাধ্যমগুলোতে ঝড় তুলেছে।
রাজকুমারীর চাচাকে চোরাচালান ও জুয়ার মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
রাজকুমারই শ্রিরাসমির চার চাচাতো ভাইবোন ও আরো দুজন আত্মীয়কেও আটক করা হয়েছে।