সরকার শিক্ষাকে অধিকারে পরিণত করেছে: কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৮:০৪
 
 
 
 
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সরকার শিক্ষাকে সুযোগ নয়, অধিকারে পরিণত করেছে। রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায়  তিনি এ কথা বলেন। গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি আহমদুল কবির ও মোহাম্মদ নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্রী পার্টি এ আলোচনার আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে শিক্ষাকে এখন আমরা মানুষের অধিকারে পরিণত করতে পেরেছি। তিনি বলেন, যারা কাজ করে তাদের ভুল হবে— এটাই স্বাভাবিক। আমাদেরও কিছু জায়গায় ভুল হতে পারে। তবে যারা শিক্ষা ক্ষেত্রে কোনো দিন কিছুই করেননি, তারা যখন আমাদের সমালোচনা করে, তখন খুব অবাক হই।
জিয়াউর রহমান ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, অভিযোগ করে মতিয়া চৌধুরী বলেন, আমরা অনেকেই ছাত্র রাজনীতিকে দোষারোপ করি। কিন্তু এই ছাত্ররাজনীতেকে কলুষিত করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের কথা ভুলে যাই।
‘জিয়াউর রহমান গোলাম আযমকে বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসন করার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের রাজনীতির সৃষ্টি করেছেন’ বলেও কৃষিমন্ত্রী অভিযোগ করেন। আলোচনা সভায় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ১০ বছরে ২ কোটি লোকের কর্মসংস্থান করেছে।
প্রকৌশলী কামরুল আহসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপের সভাপতি শ্রী পংকজ ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুনতাসীর মামুন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ডা. শাহাদাত্, প্রয়াত নূরুল ইসলামের সহধর্মীণী কবি রুবি রহমান, গণতন্ত্রী পার্টির  প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ।