বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আওয়ামী লীগকে নয়, জনগণ বিএনপিকেই বর্জন করবে। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে জ্বালাও, পোড়াও, পুলিশ হত্যাসহ যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তা দেশবাসী ভুলে যায়নি। তাদের কৃতকর্মের কারণেই আগামী দিনে জনগণ তাদের বর্জন করবে।’
রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের ক্ষুদ্রবয়ড়া ও রবীন্দ্র পোটল গ্রামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে এম মনসুর আলী স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। পরে দুপুরে কাজীপুর উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সরকারি কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার, দলের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম এবং পল্লী বিদ্যুতের ডিজিএম সুলতান নাসিমুল হক উপস্থিত ছিলেন।
