‘খালেদা জিয়ার বক্তব্য ছাত্রদল-যুবদলের ক্যাডারদের মতো’

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৮:৪৭
 
 
 
 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য ছাত্রদল-যুবদলের ক্যাডারদের মতো। দেশে যদি কোনো উন্নয়ন না হয়ে থাকে, তাহলে খালেদা জিয়ার উচিত হবে কোনো নতুন ব্রিজ অথবা ফ্লাইওভার ব্যবহার না করা।’ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘মুক্তিযোদ্ধা ও সাংবাদিক-কবি ত্রিদীব দস্তিদারের ১০ম মৃত্যুবার্ষিকী ও খালেদা-তারেকের ষড়যন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘শনিবার কুমিল্লার জনসভায় খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন— আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধের দল নয়। তার এই বক্তব্য ছাত্রদল ও যুবদলের ক্যাডারদের সন্ত্রাসী বক্তব্যের মতো মনে হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানও তত্কালীন অস্থায়ী সরকারের অধীনে বেতনভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন।’
প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনার জন্য শাস্তির বিধান তিন বছর থেকে পুনরায় সাত বছর করার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনে এ শাস্তি আরো বাড়ানো প্রয়োজন।’
সংগঠনের সহসভাপতি মোবারক আলী সিকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চলচ্চিত্র অভিনেতা এ টি এম শামসুজ্জামান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।