রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান কাননকে কুপিয়ে আহত করার ঘটনায় রবিবার ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক জাভেদ হাসানও রয়েছেন।
গতকাল শনিবার রাতে আহত করার এ ঘটনায় আজ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আতিকুল হাসান জাভেদ হাসান, পুতুল ও সাদ্দামসহ ১০/১১ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা যায়, নিজ বাসায় ফেরার পথে দর্শনা রোডের নতুন ট্রাকস্ট্যান্ড এলাকায় জাভেদ হাসানের নেতৃত্বে ৬ জন তার ধারালো অস্ত্র দিয়ে কাননের হাতের রগ কেঁটে দেয়। কাননের অবস্থা আশংকাজনক বলে চিকিত্সকরা জানিয়েছেন।
কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউল ইসলাম রাফি জানান, ৪/৫ মাস আগে তুচ্ছ ঘটনার জের ধরে কারমাইকেল কলেজ ক্যামপাসে বহিষ্কৃত নেতা জাভেদের সঙ্গে কাননের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে জাভেদ কাননের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
