ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকা মহনগর হাকিম আসাদুজ্জামান নুর এ দিন ধার্য করেন। মামলাটি বিচারের জন্য এ আদালতে পাঠানো হয়। মামলার প্রথম তারিখে আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
এ মামলার বাদী অ্যাডভোকেট আবেদ রাজা জানান— গত ২৫ নভেম্বর এ মামলায় লতিফকে কারাগারে পাঠানো হয়। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি এ আদালতে পাঠানো হয়েছে। আগামী ধার্য তারিখে আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে।
এ দিকে, ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর দায়ের করা মামলায় দুবার সমন পাঠানো হয়। রবিবার এ মামলার ধার্য তারিখে এ মামলা দ্বিতীবার সমন ফেরত আসে। তবে এ সংক্রান্তে কোনো আদেশ পাওয়া যায়নি। বাদী আদালতে হাজির ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী টাঙ্গাইল সমিতির সমাবেশে হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন তত্কালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এ সব মন্তব্য নিয়ে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মোট ১৮টি মামলা হয়। এ সব মামলার মধ্যে ঢাকার সাতটিসহ মোট ১১টিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই দিনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। পরে তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর দেশে ফেরেন লতিফ সিদ্দিকী।
